
চট্টগ্রামের সাতকানিয়ায় ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় জনসাধারণের সহযোগিতায় অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।
গতকাল শুক্রবার (১০ এপ্রিল) রাত ১১টার দিকে সাতকানিয়া থানার বাজালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কুমিরা পাড়া এলাকায় জনৈক শাহীন প্রফেসরের বসতঘরের পেছনে স্থানীয়রা চারজনকে আটক করে। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের হেফাজতে নেয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. সরওয়ার উদ্দিন রমজান (২৯), মো. শাহেদুল ইসলাম ওরফে শাহেদ (২৮), মো. হাবিবুর রহমান (২৭) এবং মো. সানোয়ার হোসেন (২৬)। গ্রেপ্তার মো. সরওয়ার উদ্দিন রমজানের হেফাজত থেকে উদ্ধার করা ইয়াবাগুলো জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) মামুন হোসেন বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, ইয়াবাসহ গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের ইতিমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে।