সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চট্টগ্রামে চেক ডিজঅনার মামলায় একজনের কারাদণ্ড

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১২ এপ্রিল ২০২৬ | ৭:৩১ অপরাহ্ন


চট্টগ্রামে ১০ লাখ টাকার চেক ডিজঅনারের একটি মামলায় আসামি আবু মুসলিমকে চার মাসের কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ অর্থদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (১২ এপ্রিল) চট্টগ্রামের তৃতীয় যুগ্ম জেলা ও দায়রা জজ মুমিনুন্নিসা খানম এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত আবু মুসলিম (৪২) হাটহাজারীর ফতেয়াবাদের দক্ষিণ পাহাড়তলীর আকবর সারাং বাড়ির মৃত শামশুল আলমের ছেলে।

বাদী মোছাম্মৎ রহিমা বেগমের পক্ষের আইনজীবী আবু সায়েম মো. নাসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এই দণ্ডাদেশ প্রদান করেছেন।

মামলার নথিপত্র থেকে জানা যায়, আসামি আবু মুসলিমের মালিকানাধীন “সানি মেডিসিন সেন্টার” নামক ফার্মেসিতে লভ্যাংশের ভিত্তিতে বিনিয়োগের জন্য বাদী মোছাম্মৎ রহিমা বেগম তাঁর স্বামী মো. সেলিমের প্রবাস থেকে পাঠানো ১০ লাখ ৬০ হাজার টাকা প্রদান করেছিলেন। কিন্তু আসামি, সেই টাকা আত্মসাৎ করেন।

পরবর্তীতে পাওনা পরিশোধের অংশ হিসেবে আসামি এনআরবিসি ব্যাংক লিমিটেডের ১০ লাখ টাকার একটি চেক প্রদান করেন। গত ২০ মার্চ, ২০২৪ তারিখে চেকটি নগদায়নের জন্য ব্যাংকে উপস্থাপন করা হলে তা “ইনসাফিশিয়েন্ট ফান্ড” বা অপর্যাপ্ত তহবিলের কারণে ডিজঅনার হয়।

এরপর আসামিকে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও তিনি তা গ্রহণ করেননি। এই ঘটনায় দ্য নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট ১৮৮১-এর ১৩৮ ধারায় হাটহাজারী থানার অধীনে একটি সি.আর. মামলা করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আজ এই রায় প্রদান করলেন।