সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

একুশে পত্রিকায় সংবাদ: সাতকানিয়ায় ভূমি অফিসের দুই কর্মকর্তাকে শোকজ

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৩ এপ্রিল ২০২৬ | ১২:১৬ অপরাহ্ন


চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দেওদিঘী ইউনিয়ন ভূমি অফিসে দেরিতে আসা ও অনুপস্থিতির দায়ে দুই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। একুশে পত্রিকায় এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশের পর প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে।

শোকজপ্রাপ্তরা হলেন- দেওদিঘী ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা ফরিদ উদ্দিন এবং অফিস সহায়ক সমীর কান্তি শীল।

সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামসুজ্জামান দুই কর্মকর্তাকে শোকজ করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একুশে পত্রিকায় প্রকাশিত সংবাদটি প্রশাসনের দৃষ্টিগোচর হওয়ার পর তাৎক্ষণিকভাবে খোঁজখবর নেওয়া হয়। যে দুজন কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত ছিলেন, তাদের শোকজ করা হয়েছে। তাদের কাছ থেকে ব্যাখ্যা পাওয়ার পর বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

রোববার প্রকাশিত ওই প্রতিবেদনে উঠে আসে, সকাল ৯টায় অফিস খোলার নির্ধারিত সময় থাকলেও তা মানা হচ্ছে না। সরেজমিনে দেখা যায়, সেদিন সকাল ৯টা ১৭ মিনিটে অফিস খোলা হলেও দীর্ঘ সময় অপেক্ষার পরও ভূমি উপসহকারী কর্মকর্তা ফরিদ উদ্দিন ও অফিস সহায়ক সমীর কান্তি শীল কর্মস্থলে উপস্থিত হননি।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই অফিসে এমন অনিয়ম চলছে। দূর-দূরান্ত থেকে আসা সাধারণ মানুষ নামজারি, খতিয়ান সংশোধন ও ভূমি উন্নয়ন কর দেওয়ার মতো জরুরি সেবা নিতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে ভোগান্তির শিকার হচ্ছেন। এতে তাদের সময় ও অর্থ দুই-ই নষ্ট হচ্ছে।

প্রশাসনের এই শোকজের ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছেন ভুক্তভোগীরা। তবে তারা বলছেন, শুধু কারণ দর্শানোর নোটিশ নয়, দ্রুত দৃশ্যমান শাস্তিমূলক ব্যবস্থার মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করতে হবে। নিয়মিত তদারকি ও জবাবদিহি নিশ্চিত করা গেলে ভূমি অফিসের সেবার মান উন্নত হবে এবং জনদুর্ভোগ কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।