
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪৮ জন ব্যবসায়ীকে আর্থিক সহায়তা প্রদান করেছে দীঘিনালা জোন।
সোমবার (১৩ এপ্রিল) সকালে খাগড়াছড়ি রিজিয়নের সার্বিক দিকনির্দেশনায় দীঘিনালা জোনের উদ্যোগে এই সহায়তা বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
এর আগে, গত ২৭ মার্চ রাতে বোয়ালখালী বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যাতে ওই এলাকার ব্যবসায়ীরা আর্থিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হন।
ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তার অংশ হিসেবে মোট ৪৮ জন ব্যবসায়ীকে এই আর্থিক অনুদান দেওয়া হয়। এর মধ্যে ৩৪ জন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে এবং ১৪ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।
দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রুশাদ (পিএসসি) অনুষ্ঠানে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে এই আর্থিক সহায়তা তুলে দেন।
অনুষ্ঠানে সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ক্যাপ্টেন আবদুল্লাহ আল আজমী, ক্যাপ্টেন শেখ সাব্বির আহমাদ এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল হোসেন।