সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পটিয়ায় বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা, সম্প্রীতির আহ্বান এমপি এনামের

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৪ এপ্রিল ২০২৬ | ৯:৫১ অপরাহ্ন


পহেলা বৈশাখ উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে পটিয়া সম্মিলিত বর্ষবরণ ও বর্ষবিদায় পরিষদ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এই বৈশাখী শোভাযাত্রাটি শুরু হয়ে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। পরবর্তীতে তিনি এই শোভাযাত্রায় নেতৃত্ব দেন।

উদ্বোধনী আয়োজনে বক্তব্য দেওয়ার সময় সংসদ সদস্য এনামুল হক এনাম জানান, বাংলা নববর্ষ পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। দিনটিকে নতুন বছরের সূচনা এবং নতুন আশা ও সম্ভাবনার প্রতীক হিসেবে উল্লেখ করে পুরোনো সব দুঃখ-বেদনা ভুলে সবাইকে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান এনামুল হক এনাম।

পহেলা বৈশাখ সবার মাঝে সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে উল্লেখ করে এনামুল হক এনাম আরও জানান, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় করে। নতুন বছর সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে এবং দেশকে এগিয়ে নিতে সবাই একসঙ্গে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

একই দিন বিকেলে নববর্ষ উপলক্ষে আলোচনা সভা, আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মিলিত বর্ষবরণ উদযাপন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল আলমের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এনামুল হক এনাম।

উদযাপন পরিষদের সদস্য সচিব নাছির উদ্দীন ও সমন্বয়কারী মাস্টার শ্যামল কান্তি দের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, পটিয়া পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম সওদাগর, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, জেলা বিএনপির সাবেক সহ-অর্থ সম্পাদক মোরশেদ শফি হিরো, বিএনপি নেতা মইনুল আলম ছোটন, আবুল ফয়েজ, আবুল কাসেম, জাহেদুল হক, ইসমাইল মেম্বার, জেলা কৃষকদলের সেক্রেটারি মীর জাকের এবং সাংবাদিক আবদুর রাজ্জাক।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বর্ষবরণ উদযাপন পরিষদের বিভিন্ন উপকমিটির আহ্বায়ক ও সদস্য সচিবসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।