সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

বর্ণাঢ্য আয়োজনে চকরিয়ায় বাংলা নববর্ষ উদযাপন

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৪ এপ্রিল ২০২৬ | ১১:২৭ অপরাহ্ন


বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ ভোজনের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টার দিকে চকরিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে বৈশাখী শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিককর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। রঙিন ব্যানার, ফেস্টুন, মুখোশ ও গ্রামীণ ঐতিহ্যের নানা উপকরণে সজ্জিত শোভাযাত্রাটি উপজেলা পরিষদের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা সেন্টার হয়ে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে বেলা ১১টার দিকে চকরিয়া উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অংশগ্রহণকারী সবাইকে নিয়ে ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ ভোজনের আয়োজন করা হয়, যা উপস্থিত সবার মধ্যে উৎসবের আমেজ আরও বাড়িয়ে তোলে।

নববর্ষের এই বর্ণাঢ্য আয়োজনে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আনোয়ারুল আমিন, উপজেলা কৃষি অফিসার শাহনাজ ফেরদৌসী, চকরিয়া থানার ওসি (তদন্ত) নুর আলম মাছুম সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন মুহাম্মদ আলমগীর, চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দিলীপ দে এবং উপজেলা সমবায় অফিসার রমিজ উদ্দিন আহমদ।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আল আমিন বিশ্বাস, চকরিয়া আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জুবাইদুল হক, চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলের প্রধান শিক্ষক মো. নুরুল আখের, স্কাউট সদস্য আনোয়ারুল ইসলাম ও আনসারুল করিমসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।