সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চকরিয়ায় বরফকলে হামলা: ম্যানেজারকে কুপিয়ে জখম, লুটপাট

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৫ এপ্রিল ২০২৬ | ১০:৪৭ অপরাহ্ন


কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীতে একটি বরফ উৎপাদন মিলে ঢুকে সশস্ত্র সন্ত্রাসীরা ব্যাপক হামলা ও তাণ্ডব চালিয়েছে। এ সময় সন্ত্রাসীরা আনিছুর রহমান নামের ওই বরফ মিলের ম্যানেজারকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। ওই সময় ম্যানেজার আনিছুর রহমানকে উদ্ধারের চেষ্টা করায় আরও তিনজন কর্মচারীকে বেধড়ক পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।

গত মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার উপকূলীয় বদরখালী ইউনিয়নের সমুদ্র মোহনার বদরখালী নৌ-জেটি ঘাট এলাকায় মোহাম্মদ নুরুন্নবীর মালিকানাধীন বরফ উৎপাদন মিলে এই সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।

হামলার সময় সন্ত্রাসীরা ওই বরফ মিলের উৎপাদিত বরফ বিক্রির টাকাসহ প্রায় আড়াই লাখ নগদ টাকা, মূল্যবান মালামাল ও একটি মোবাইলসহ অন্তত ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। গুরুতর আহত ম্যানেজার আনিছুর রহমানকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ম্যানেজার আনিছুর রহমানকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

হামলায় আহত অন্য তিনজন কর্মচারী হলেন বদরখালী ইউনিয়নের উত্তর নতুন ঘোনার এক নম্বর ব্লকের ছৈয়দ নূরের ছেলে আবদুল মান্নান, তেচ্ছাপাড়ার আবু ছৈয়দের ছেলে নেছারুল হক বাহাদুর এবং কুতুবনগর এলাকার ছরওয়ার আলমের ছেলে মোহাম্মদ জিয়া।

ভুক্তভোগী বরফ মিলের মালিক মোহাম্মদ নুরুন্নবী জানান, প্রতিদিনের মতো মঙ্গলবারও মোহাম্মদ নুরুন্নবীর বরফ মিলে বরফ উৎপাদন ও বেচাকেনা চলছিল। রাত ১১টার দিকে স্থানীয় রিকুর নেতৃত্বে সহযোগী তারেক, নাঈম, মঈনা ও জিদানসহ একদল সশস্ত্র সন্ত্রাসী বন্দুক এবং ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে বরফ মিলে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর তারা ম্যানেজার আনিছুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে নগদ টাকা, মূল্যবান মালামাল ও মোবাইল লুট করে নিয়ে যায়। এই ঘটনায় চকরিয়া থানায় একটি লিখিত এজাহার জমা দিয়েছেন বলে বরফ মিলের মালিক মোহাম্মদ নুরুন্নবী জানিয়েছেন।

এ বিষয়ে চকরিয়া থানার অপারেশন অফিসার উপপরিদর্শক (এসআই) সাহেদ উল্লাহ জানান, এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।