
চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বুধবার (১৫ এপ্রিল) রাত ও বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোরে পটিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুচক্রদণ্ডী এবং ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঘাটা এলাকায় অভিযান চালিয়ে এই চারজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ১৫ এপ্রিল বুধবার রাতে পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সফর হোসেন গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করেন। এ সময় পটিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুচক্রদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পাকা রাস্তা থেকে আনন্দ সেন (২২) ও শায়ন সেন (১৯) নামের দুইজনকে ৩০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আনন্দ সেন ও শায়ন সেন উভয়েই সুচক্রদণ্ডী এলাকার বাসিন্দা বলে উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সফর হোসেন জানিয়েছেন।
অন্যদিকে, বৃহস্পতিবার ভোরে পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদের নেতৃত্বে আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঘাটা এলাকায় বদরুল চৌধুরীর বাড়ির দক্ষিণ পাশের পাকা রাস্তা থেকে রাজীব দাশ (২৫) ও মো. শরীফ হোসেন (২২) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় রাজীব দাশ ও মো. শরীফ হোসেনের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন উপপরিদর্শক (এসআই) ফরহাদ। এই জোড়া অভিযানের ঘটনায় পটিয়া থানায় পৃথক দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, গ্রেপ্তারকৃত আনন্দ সেন, শায়ন সেন, রাজীব দাশ ও মো. শরীফ হোসেনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।