সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা, আহত ২ বোন

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৭ এপ্রিল ২০২৬ | ৬:০৮ অপরাহ্ন

গুলি করে হত্যা
রাঙামাটি সদর উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে; এ সময় গুলিবিদ্ধ হয়েছেন তার দুই বোন।

শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের কুতুকছড়ি উপরপাড়ায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত ৩৯ বছর বয়সী ধর্মশিং চাকমা ওই এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মৃত ধনঞ্জয় চাকমার ছেলে। তিনি ইউপিডিএফের (প্রসীত) যুব সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলেন।

আহত দুজন হলেন ধর্মশিংয়ের দুই বোন— ভাগ্যশোভা চাকমা (৩১) ও কৃপাসোনা চাকমা (৪৫)।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক সৈকত আকবর জানান, ভাগ্যশোভা চাকমা ও কৃপাসোনা চাকমা নামের দুই নারীকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের দুজনের হাতে গুলি লেগেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইউপিডিএফের (প্রসীত) সংগঠক ও মুখপাত্র অংগ্য মারমা এ হতাহতের ঘটনা নিশ্চিত করে অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সদস্যরা এ ঘটনা ঘটিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ইউপিডিএফের আরেক সংগঠক জানান, হামলার সময় ধর্মশিং চাকমা নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। এ সময় ১৭ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল তাকে লক্ষ্য করে গুলি করে। তার বুকে ও কোমরে গুলি লাগে। ঘটনাস্থলেই তিনি নিহত হন। গুলিতে তার দুই বোনও আহত হন।

তবে হামলার ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে জেএসএস।

জেএসএসের রাঙামাটি জেলা শাখার সভাপতি গঙ্গা মানিক চাকমা বলেন, “ওই এলাকায় আমাদের কোনো কার্যক্রম নেই। ইউপিডিএফ আমাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।”

একই কথা বলেন জেএসএসের কেন্দ্রীয় কমিটির সহ-তথ্য প্রচার সম্পাদক সজীব চাকমা। তিনি বলেন, “এ ঘটনার সঙ্গে জেএসএসের কেউ জড়িত নয়। ইউপিডিএফ পার্বত্য চুক্তি বিরোধিতার নামে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে নিজেরাই নানান প্রতিপক্ষের জন্ম দিয়েছে। এ কারণে অনেকেই ইউপিডিএফের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে নেমেছেন।”

রাঙামাটির কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দীন সকাল ১০টার দিকে জানান, গোলাগুলিতে একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।