সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

‘রাসূল (সা.) মানবতার শ্রেষ্ঠ আদর্শ’

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৮ এপ্রিল ২০২৬ | ১২:০৩ অপরাহ্ন


চট্টগ্রামের পটিয়ায় আলমদারপাড়া তৈয়্যবিয়া আজিজিয়া রাবেয়া কামাল সুন্নিয়া মাদ্রাসার সালানা জলসা, পবিত্র মিলাদুন্নবী (সা.), দস্তারবন্দী, পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ সম্পন্ন হয়েছে।

শুক্রবার রাতে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি মুহাম্মদ গোলাম কাদের তালুকদার বাবুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছনহরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতী এবং প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন শায়খ সৈয়দ হাসান আল আযহারী।

আবদুল গণি সওদাগরের উদ্বোধনের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন নাঈম উদ্দীন আলমদার ও জমির উদ্দীন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা নুরুল আনোয়ার মোজাদ্দেদী, হাবিব উল্লাহ মাস্টার, ডা. মুহাম্মদ আবু সৈয়দ, আবু ছিদ্দিক তালুকদার, নজরুল ইসলাম, মিন্নত আলী সওদাগর, আরমান আলমদার, ইউপি সদস্য আলমগীর তালুকদার এবং নুরুল হুদা চৌধুরী। এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুনির উদ্দীন, মুহাম্মদ বখতিয়ার ও মাদ্রাসার প্রধান শিক্ষক মুহাম্মদ সাজ্জাদ হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে ছনহরা ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতী বলেন, সালানা জলসা ও মিলাদ মাহফিল শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; এটি আমাদের ঈমানকে সুদৃঢ় করার, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ সম্পর্কে জানার এবং তাঁর সুন্নাহ অনুযায়ী জীবন গঠনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

আমাদের প্রিয় নবী (সা.) ছিলেন মানবতার শ্রেষ্ঠ আদর্শ—এ কথা উল্লেখ করে তিনি আরও বলেন, তাঁর জীবন থেকে শিক্ষা নিয়ে আমরা যদি সমাজে ন্যায়, ইনসাফ ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করতে পারি, তাহলেই এই আয়োজন সার্থক হবে।

প্রধান বক্তার আলোচনায় শায়খ সৈয়দ হাসান আল আযহারী বলেন, ঈমান মানুষের জীবনের মূল ভিত্তি; যা হৃদয়ের গভীরে বিশ্বাস, মুখে স্বীকারোক্তি এবং কাজে প্রতিফলনের সমন্বয়। একজন মুমিনের পরিচয় তার কথায় নয়, বরং তার আমলে ফুটে ওঠে। ঈমান মানুষকে অন্যায় থেকে দূরে রাখে এবং ন্যায়নীতির পথে চলতে অনুপ্রাণিত করে।

তিনি আরও বলেন, ঈমান শুধু দাবি করার বিষয় নয়; বরং তা প্রতিদিনের জীবনাচরণে প্রমাণ করতে হয়। আল্লাহ ও রাসূল (সা.)-এর প্রতি অকুণ্ঠ বিশ্বাসই একজন মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে এবং তাকে সফলতার পথে পরিচালিত করে।