
চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠক চলাকালে শফিউল আলম নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি সাইদুল ইসলাম রিংকুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকালে চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় রাতভর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন। ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
এর আগে শুক্রবার খৈয়াছরা ইউনিয়নের মধ্যম মঘাদিয়া গ্রামে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় নিহতের ছেলে আরাফাত হোসেন সিফাত বাদী হয়ে মিরসরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় একই এলাকার মৃত মুসলিম উদ্দিনের ছেলে সাইদুল ইসলাম রিংকুসহ তিনজনকে আসামি করা হয়েছে।
এদিকে, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ময়নাতদন্ত শেষে শনিবার সন্ধ্যায় নিহত শফিউল আলমের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
গত শুক্রবার দুপুরে উপজেলার মধ্যম আমবাড়িয়া গ্রামে বিরোধ মীমাংসার জন্য ডাকা সালিশি বৈঠক চলাকালে প্রতিপক্ষের হামলায় প্রাণ হারান শফিউল আলম। তিনি ওই গ্রামের মৃত নুর বকসের ছেলে। এ সময় হামলাকারীদের আঘাতে নিহতের বড় ভাই নুর আলম, ছেলে সিফাত, ভাতিজা ফকির আহম্মদ এবং গ্রামের সর্দার আজিম উদ্দিন আহত হন।