সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

মাতামুহুরী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে মাঠে পুলিশ, জড়িতদের গ্রেপ্তারের হুঁশিয়ারি

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৮ এপ্রিল ২০২৬ | ১০:৫৮ অপরাহ্ন


কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী নদী থেকে শ্যালো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এবার সরাসরি মাঠে নেমেছে থানা পুলিশ। জেলা পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনার আলোকে পুলিশ নদী থেকে বালু উত্তোলন ও পরিবহন বন্ধে এখন থেকে মাঠপর্যায়ে কাজ করবে।

এরই অংশ হিসেবে শনিবার (১৮ এপ্রিল) নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে জড়িতদের প্রাথমিকভাবে সতর্ক করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন।

অভিযান প্রসঙ্গে চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেন জানান, মাতামুহুরী নদীর তীরের বিভিন্ন পয়েন্টে সরকারি অনুমতি ছাড়াই একটি চক্র দীর্ঘদিন ধরে শ্যালো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীভাঙন, কৃষিজমির ক্ষতি, পরিবেশের ভারসাম্য নষ্ট এবং জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। বিষয়টি নিয়ে জেলা পর্যায়ে অভিযোগ ওঠায় কক্সবাজার জেলা পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান মাতামুহুরী নদীতে পরিবেশবিধ্বংসী এসব কর্মকাণ্ড বন্ধে উদ্যোগ নিতে থানা পুলিশকে নির্দেশ দেন।

ওই নির্দেশনার আলোকে শনিবার বিকেলে মাতামুহুরী নদীর লক্ষ্যারচর ও কৈয়ারবিল এলাকার বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ বালু উত্তোলন, পরিবহন ও বিক্রয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের সতর্ক করা হয়।

ওসি মোহাম্মদ মনির হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেন, জড়িতরা নিজেরা অবৈধ বালু উত্তোলন বন্ধ না করলে জনস্বার্থে থানা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে গ্রেপ্তার করা হবে।

এছাড়া এলাকাভিত্তিক অবৈধ বালু উত্তোলন সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ থানা পুলিশকে অবহিত করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছে চকরিয়া থানা পুলিশ।