সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

৮৫০ জনের মধ্য থেকে মাত্র ৩৫ জন! তারেক রহমানের পছন্দের তালিকায় জায়গা পেলেন কারা?

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২০ এপ্রিল ২০২৬ | ৩:১৬ অপরাহ্ন

বিএনপি লোগো
দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ শেষে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিএনপি। সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দলের হাইকমান্ড থেকে সবুজ সংকেত পাওয়ার পর আজ আনুষ্ঠানিকভাবে এই নামের তালিকা প্রকাশ করা হয়। নির্বাচন কমিশনে (ইসি) আজই এই তালিকা জমা দেওয়ার কথা রয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ যাচাই-বাছাই শেষে নবীন ও প্রবীণের সমন্বয়ে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। সংরক্ষিত এই আসনে অভিজ্ঞ নেত্রীদের পাশাপাশি অপেক্ষাকৃত তরুণ নেতৃত্বকেও প্রাধান্য দেওয়া হয়েছে।

বিএনপির মনোনীত প্রার্থীরা হলেন

সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা এবং রেজেকা সুলতানা।

এর আগে গত শুক্র ও শনিবার রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে ১০টি সাংগঠনিক বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে দলটির স্থায়ী কমিটিসহ মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। দুই দিনে প্রায় সাড়ে আটশ নারীনেত্রী ওই সাক্ষাৎকারে অংশ নেন। পরবর্তীতে তাদের তথ্য নিবিড়ভাবে যাচাই-বাছাই করে চূড়ান্ত তালিকা প্রস্তুত করেন বোর্ডের সদস্যরা।

এদিকে, জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য গত ১২ দিনে বিএনপিসহ তিনটি রাজনৈতিক দলের সমর্থন পেতে নির্বাচন কমিশন (ইসি) থেকে ৪৩১ জন মনোনয়নপ্রত্যাশী ফরম সংগ্রহ করেছেন। সংরক্ষিত আসনের নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসির উপসচিব মো. মনির হোসেন জানান, রোববার বিকেল পর্যন্ত মাত্র তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইসির দেওয়া তথ্য অনুযায়ী, উত্তোলিত ৪৩১টি মনোনয়নপত্রের মধ্যে বিএনপির পক্ষ থেকে ৪১৭টি, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ১৩টি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে একটি মনোনয়নপত্র নেওয়া হয়েছে।