সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পটিয়ায় এসএসসিতে অংশ নিচ্ছে ৬ হাজার ৮২৭ জন, বিদ্যুৎ সচল রাখতে চিঠি

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২০ এপ্রিল ২০২৬ | ৮:২৭ অপরাহ্ন


চট্টগ্রামের পটিয়া উপজেলায় এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় মোট ৬ হাজার ৮২৭ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। ৯টি কেন্দ্রের মধ্যে মাধ্যমিক থেকে ৫ হাজার ৬৮৫ জন, মাদ্রাসা বোর্ড থেকে ৮৩৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ড থেকে ৩০৬ জন শিক্ষার্থী পরীক্ষায় বসছে। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, পরীক্ষা সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে।

আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে শুরু হচ্ছে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষা। শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের বিভিন্ন নির্দেশনামূলক ঘোষণায় শিক্ষার্থীরা ইতোমধ্যে তাদের পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন করেছে। তবে চলমান বিদ্যুৎ সংকটের কারণে শিক্ষার্থীদের অভিভাবকরা বেশ উদ্বিগ্ন রয়েছেন। পরীক্ষার কেন্দ্রগুলোতে যাতে বিদ্যুৎ সরবরাহ সচল রাখা হয়, সে জন্য তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

উপজেলা শিক্ষা অফিস সূত্র জানিয়েছে, উপজেলার ৯টি কেন্দ্রের মধ্যে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৩৭ জন, হাবিলাসদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭১৬ জন, কুসুমপুরা হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৬১৬ জন, জিরি খলিল মীর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৩৪ জন, আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪২৫ জন, আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ২৭ জন, খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮৩০ জন, ইউনিয়ন কৃষি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৩০৬ জন এবং শাহচাঁন্দ আউলিয়া কামিলা মাদ্রাসা কেন্দ্রে ৮৩৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

সার্বিক বিষয়ে পটিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিপন কান্তি দে জানান, সোমবার পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং মোট ৯টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।