
চট্টগ্রামের পটিয়ায় জায়গা-জমির বিরোধের জেরে নিহত ব্যবসায়ী আবুল কাশেমের হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশ প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন এলাকাবাসী।
সোমবার রাতে পটিয়া পৌরসদরের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার আগে প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। জানাজায় অংশ নেওয়া হাজারো মানুষ এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান।
নিহতের পরিবারের অভিযোগ, পৈত্রিক সম্পত্তিতে কাজ করতে গেলে তাফসির ইকবালসহ কয়েকজন প্রভাব খাটিয়ে আবুল কাশেম ও তার তিন ভাইয়ের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। চিকিৎসাধীন অবস্থায় ঘটনার ছয় দিনের মাথায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আবুল কাশেমের মৃত্যু হয়। এ ঘটনায় আহত তার আরেক ভাই আবুল কালামও হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন।
জানাজার মাঠে বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত ইকবাল একই এলাকার আরেকটি খুনের মামলার ২ নম্বর আসামি। জামিনে এসে সে এলাকায় ত্রাস সৃষ্টি করছে। সোমবার সকালেও অস্ত্র হাতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নিহত ব্যবসায়ীর বাড়ির সামনে দিয়ে তার মহড়া দেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই বারবার এমন ঘটনা ঘটছে বলে দাবি স্থানীয়দের।
সমাবেশে পটিয়া পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম সওদাগর, বিএনপি নেতা আবুল ফয়েজ ও তৌহিদুল আলমসহ স্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়ী নেতারা বক্তব্য দেন। পরে গোবিন্দারখীল এলাকার পারিবারিক কবরস্থানে ওই ব্যবসায়ীকে দাফন করা হয়।
এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এবং আগের মামলাটি হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করতে আদালতকে অবহিত করা হয়েছে।
নিহতের জামাতা হাবিব আদনান দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।