
সারাদেশের মতো চট্টগ্রামের পটিয়াতেও শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার প্রথম দিনের পরীক্ষায় উপজেলার ৯টি কেন্দ্রে মোট ৬ হাজার ৮২৭ জন পরীক্ষার্থী অংশ নিলেও অনুপস্থিত ছিল ৩৬ জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় জানায়, অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে মাধ্যমিকে (এসএসসি) ৫ হাজার ৬৮৫ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে (দাখিল) ৮৩৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৩০৬ জন পরীক্ষার্থী রয়েছে।
প্রথম দিনে অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ২৫ জন ছাত্রী এবং ১১ জন ছাত্র। কেন্দ্রভিত্তিক তথ্যানুযায়ী, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩ জন, হাবিলাসদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৫ জন, কুসুমপুরা হাই স্কুল অ্যান্ড কলেজে ৪ জন, জিরি খলিল মীর উচ্চ বিদ্যালয়ে ৬ জন, আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ১ জন, আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে ৩ জন এবং খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ে ১ জন অনুপস্থিত ছিল।
এছাড়া ইউনিয়ন কৃষি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৫ জন এবং শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ৮ জন পরীক্ষার্থী অংশ নেয়নি।
সার্বিক বিষয়ে পটিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিপন কান্তি দে জানান, পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুপস্থিতির বিষয়ে তিনি বলেন, “কী কারণে তারা আসেনি, তা আমরা জানতে পারিনি। আমাদের কাছে কেউ লিখিত বা মৌখিকভাবে কিছু জানায়নি। শিক্ষার্থীরা নিজেদের থেকেই অনুপস্থিত থাকতে পারে। তারপরও বিষয়টি তদারকি করা হবে।”