
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে মঙ্গলবার চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট দল। প্রথম দুই ম্যাচ শেষে সিরিজে ১-১ সমতা থাকায় বৃহস্পতিবারের ম্যাচটি অলিখিত ফাইনালে রূপ নিয়েছে।
সকাল ১১টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী এই ম্যাচ শুরু হবে।
এর আগে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে বাংলাদেশকে ২৬ রানে হারিয়েছিল নিউজিল্যান্ড। তবে দ্বিতীয় ম্যাচে পেসার নাহিদ রানার বোলিং তোপে কিউইদের ৬ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরায় স্বাগতিকরা। নিউজিল্যান্ডের দেওয়া ১৯৯ রানের লক্ষ্য ৮৭ বল বাকি থাকতেই টপকে যায় টাইগাররা।
ওই ম্যাচে ১০ ওভারে ৩২ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হন রানা। ব্যাট হাতে তানজিদ হাসান ১০টি চার ও ৪টি ছক্কায় ৫৮ বলে ৭৬ রান এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৫ চার ও ২ ছক্কায় ৫০ রান করে দলের জয়ে বড় অবদান রাখেন।
ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল। চট্টগ্রামে ২৭ ও ২৯ এপ্রিল প্রথম দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। এরপর ২ মে ঢাকায় সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।
এদিকে, চট্টগ্রামের ম্যাচের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টিকিট পাওয়া যাবে বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে gobcbticket.com.bd। মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র দিয়ে রেজিস্ট্রেশন করে টিকিট কেনা যাবে।
বিসিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের পূর্ব গ্যালারিতে বসে সবচেয়ে কম ২০০ টাকায় খেলা দেখা যাবে। পশ্চিম গ্যালারির টিকিট ৩০০ টাকা। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও শহীদ শ্রাবণ স্ট্যান্ডের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা। এছাড়া পূর্ব ও পশ্চিম গ্র্যান্ড স্ট্যান্ড কিংবা দুই প্রান্তের ছাদের ওপরের প্যাভিলিয়নে বসে খেলা দেখতে চাইলে জনপ্রতি খরচ হবে আড়াই হাজার টাকা।