সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তা হত্যা মামলার আসামি কাশেম গ্রেপ্তার

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২৩ এপ্রিল ২০২৬ | ৩:০৩ অপরাহ্ন


চট্টগ্রামের সীতাকুণ্ডে আলোচিত জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য আবদুল মোতালেব হত্যা মামলার আসামি মো. আবুল কাশেম ওরফে নলা কাশেমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণ সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে মো. আবুল কাশেম ওরফে নলা কাশেমকে গ্রেপ্তার করা হয়।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার দক্ষিণ সলিমপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ মো. আবুল কাশেম ওরফে নলা কাশেমকে গ্রেপ্তার করা হয়।

ওসি মহিনুল ইসলাম আরও জানান, অভিযানে আসামি মো. আবুল কাশেম ওরফে নলা কাশেমের কাছ থেকে একটি বিদেশি পিস্তলসহ তাজা ৬ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে র‍্যাব-৭ এর ডিএডি আবদুল মোতালেব হত্যাসহ ডাকাতি, দস্যুতা ও অস্ত্র আইনে মোট ১৫টি মামলা রয়েছে বলে ওসি মহিনুল ইসলাম নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‌্যাব-৭ এর সদস্যরা অভিযানে গেলে দুর্বৃত্তরা তাদের অবরুদ্ধ করে এবং এলোপাতাড়ি গুলি চালায়। এতে র‍্যাবের চার সদস্য গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে নিলে সেখানে র‍্যাব সদস্য মোতালেব হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।