সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

মুস্তাফিজের ‘পঞ্চক’ ও শান্তর সেঞ্চুরিতে সিরিজ বাংলাদেশের

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২৩ এপ্রিল ২০২৬ | ৮:০৭ অপরাহ্ন


প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর দারুণ এক গল্প লিখল বাংলাদেশ। চট্টগ্রামের স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিকরা। নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত সেঞ্চুরি ও লিটন দাসের দায়িত্বশীল ফিফটির পর বল হাতে কিউইদের গুঁড়িয়ে দিয়েছেন চোট কাটিয়ে ফেরা বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।

২৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ২১০ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। মুস্তাফিজুর রহমান একাই ধস নামান নিউজিল্যান্ডের ইনিংসে। মাত্র ৮ ওভারে ৩০ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন তিনি, যা তার ওয়ানডে ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো পাঁচ উইকেট পাওয়ার কীর্তি। ইনিংসের চতুর্থ ওভারেই হেনরি নিকোলসকে ফিরিয়ে শুরু, এরপর থিতু হওয়া নিক কেলিকেও আউট করেন তিনি। শেষ দিকে নাথান স্মিথ, জেডেন লেনক্স ও উইল ও’রোককে সাজঘরে পাঠিয়ে বাংলাদেশের সিরিজ জয় নিশ্চিত করেন মুস্তাফিজুর রহমান।

গতির ঝড় তুলে মুস্তাফিজুর রহমানকে যোগ্য সঙ্গ দিয়েছেন নাহিদ রানা। প্রায় ১৪৮ দশমিক ৬ কিলোমিটার গতির এক বিধ্বংসী ইয়র্কারে জশ ক্লার্কসনের স্টাম্প উপড়ে ফেলেন তিনি। সব মিলিয়ে ৩৭ রান দিয়ে ২ উইকেট নেন নাহিদ রানা। পাশাপাশি শরিফুল ইসলামও ২৫ রান করা মুহাম্মদ আব্বাসকে ফিরিয়ে গুরুত্বপূর্ণ ব্রেক-থ্রু এনে দেন। ফিল্ডিংয়ে দারুণ নৈপুণ্য দেখান অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মুস্তাফিজুর রহমানের বলে নাথান স্মিথের ফ্লিক করা বল শর্ট মিড-উইকেটে অবিশ্বাস্য ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে তালুবন্দি করেন তিনি। পরে ডিন ফক্সক্রফটকে আউট করে কিউইদের কফিনে শেষ পেরেকটি ঠোকেন মেহেদী হাসান মিরাজ।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ৩২ রানে সাইফ হাসান, তানজিদ তামিম ও সৌম্য সরকারের উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। সেই কঠিন মুহূর্তে দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। চতুর্থ উইকেটে ১৬০ রানের বড় জুটি গড়েন তারা। দীর্ঘ ১৯ ইনিংস পর ফিফটির দেখা পাওয়া লিটন দাস ৩টি চার ও ১টি ছক্কায় ৯১ বলে ৭৬ রান করে আউট হন। তবে একপ্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন নাজমুল হোসেন শান্ত। ৯টি চার ও ২টি ছক্কায় ১১৯ বলে ১০৫ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি। শেষ দিকে মেহেদী হাসান মিরাজের ২২ ও তাওহিদ হৃদয়ের অপরাজিত ৩৩ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ২৬৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় বাংলাদেশ।

মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ড ২৬ রানে জিতলেও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জয় পায় ৬ উইকেটে। বৃহস্পতিবার চট্টগ্রামের এই জয়ে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিল স্বাগতিকরা।

ওয়ানডে সিরিজ শেষে এবার বাংলাদেশ ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে টি-টোয়েন্টি সংস্করণে। আগামী ২৭ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। প্রথম দুই ম্যাচ এই মাঠে দুপুর ২টায় এবং ২ মে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।