সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চকরিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৩ এপ্রিল ২০২৬ | ৮:২৮ অপরাহ্ন


বাংলাদেশ সরকারের চালু করা ডিজিটাল সামাজিক নিরাপত্তা উদ্যোগ ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’ বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহ ও ডাটা এন্ট্রি বিষয়ক বিশেষ প্রশিক্ষণের দ্বিতীয় পর্যায়ের পাইলটিং কর্মসূচি কক্সবাজারের চকরিয়ায় অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল চারটায় চকরিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এই প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা সমাজসেবা উপপরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সফি উদ্দিন। এ ছাড়া প্রশিক্ষণে চকরিয়া উপজেলা সমাজসেবা অফিসার আবু তৈয়ব, অফিসের অন্যান্য কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের মেম্বারসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে ইউএনও শাহীন দেলোয়ার জানান, দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে স্বচ্ছতার মাধ্যমে প্রকৃত উপকারভোগী শনাক্তপূর্বক সঠিকভাবে তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং ডাটা এন্ট্রি নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে তথ্য সংগ্রহের বিষয়টি নিয়ে কোনো ধরনের অভিযোগ বা আপত্তি যাতে না ওঠে, সেভাবে কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্টদের প্রতি কঠোর দিকনির্দেশনা প্রদান করেন শাহীন দেলোয়ার।

অন্যদিকে, প্রধান অতিথির বক্তব্যে জেলা সমাজসেবা উপপরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ জানান, গৃহীত এই কর্মসূচির মাধ্যমে উপকারভোগীদের সঠিক তথ্যভান্ডার তৈরি হবে, যা ভবিষ্যতে সরকারি সহায়তা কার্যক্রম আরও কার্যকর করতে সহায়ক ভূমিকা রাখবে। সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সফি উদ্দিন এবং চকরিয়া উপজেলা সমাজসেবা অফিসার আবু তৈয়বও এ সময় মাঠপর্যায়ের কর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।