
কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে মামলার পরোয়ানাভুক্ত তিন নারীসহ ১০ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার রাতে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত এসব আসামিকে গ্রেপ্তার করে।
চকরিয়া থানা পুলিশ জানায়, কক্সবাজার জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের নির্দেশনায় টানা সাত দিন ধরে চকরিয়া থানা পুলিশ এই বিশেষ অভিযান পরিচালনা করছে। অভিযানের অংশ হিসেবে ওসি মোহাম্মদ মনির হোসেন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরে আলম মাসুম সিদ্দিকীর নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) ফরিদ হোসেন, শফিকুল ইসলাম রাজা, সুজন বিকাশ চাকমা এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহাজালাল মিয়া সঙ্গীয় ফোর্সসহ বুধবার রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হন।
সার্বিক বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদক ও অস্ত্র উদ্ধারের অংশ হিসেবে থানা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের সপ্তম দিনে পুলিশ সিআর মামলার ছয়জন এবং বিভিন্ন অপরাধ চক্রে জড়িত চারজনসহ সর্বমোট ১০ জন আসামিকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে তিনজন নারীও রয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার আসামিদের চকরিয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। ওয়ারেন্ট তামিলের জন্য বিশেষ এই অভিযান আগামীতেও চলমান থাকবে বলে ওসি মোহাম্মদ মনির হোসেন নিশ্চিত করেছেন।