সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

বাঁশখালীতে ভুয়া দাখিলা চক্রের সদস্য গ্রেপ্তার, জরিমানা ও কারাদণ্ড

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৬ এপ্রিল ২০২৬ | ১০:২৭ পূর্বাহ্ন


চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ভুয়া দাখিলা তৈরি ও প্রতারণার সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সন্ধ্যায় একটি শপিং কমপ্লেক্সের নিচতলার দোকানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম রিপন উদ্দিন, যিনি উপজেলার কাথরিয়া ইউনিয়নের বাগমারা এলাকার হেলাল উদ্দিনের ছেলে।

জানা যায়, হেলাল উদ্দিনের ছেলে রিপন উদ্দিন দীর্ঘদিন ধরে নিজেকে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। রিপন উদ্দিন সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে ক্লোন দাখিলা বা জাল রশিদ তৈরি করে দিতেন বলে অভিযোগ রয়েছে। আটকের পর দেওয়া এক ভিডিও স্বীকারোক্তিতে রিপন উদ্দিন নিজে এসব জালিয়াতি ও অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্পষ্টভাবে স্বীকার করেন।

এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত রিপন উদ্দিনকে এক লাখ টাকা অর্থদণ্ড এবং তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। বাঁশখালী থানা পুলিশের সার্বিক সহযোগিতায় এই অভিযানটি পরিচালনা করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

সার্বিক বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন জানান, বাঁশখালীজুড়ে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের প্রতারণা রোধে প্রশাসনের কার্যক্রম অব্যাহত থাকবে।