
চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে নাছির উদ্দীন প্রকাশ মধু নাছের নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন।
রোববার রাত ৯টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের সমশেরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নাছির উদ্দীন কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত দুদু মিয়ার ছেলে। তিনি যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে একদল সশস্ত্র দুর্বৃত্ত নাছির উদ্দীনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক সাজ্জাদ হোসাইন জানান, আহত ব্যক্তির ব্যাপক রক্তক্ষরণ হচ্ছিল। গুলির আঘাতে তার নাড়িভুঁড়ি বের হয়ে গিয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।