সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

হাটহাজারীতে উচ্ছেদ অভিযান: উদ্ধার হলো কোটি টাকার সরকারি সম্পদ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৭ এপ্রিল ২০২৬ | ৮:৩৭ অপরাহ্ন


চট্টগ্রামের হাটহাজারীতে উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের বেদখল হওয়া সরকারি জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার মেখল ইউনিয়নের রহুল্লাপুর মৌজার সাত্তারঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, একটি চক্র বেশ কিছুদিন ধরে ওই এলাকার সরকারি সম্পত্তি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করছিল। এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমান। এ সময় সরকারি জায়গায় অবৈধভাবে নির্মাণাধীন স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।

উচ্ছেদ অভিযানে হাটহাজারী ভূমি অফিসের কর্মকর্তা এবং হাটহাজারী মডেল থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

সরকারি সম্পদ অবৈধ দখলকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমান।

উদ্ধারকৃত জমির বিষয়ে মো. শাহেদ আরমান জানান, উচ্ছেদ অভিযানের মাধ্যমে পুনরুদ্ধার হওয়া এই সরকারি সম্পদের বর্তমান বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। এছাড়া, একই সঙ্গে পার্শ্ববর্তী স্থানে থাকা অন্যান্য অবৈধ স্থাপনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সড়ক ও জনপথ অধিদপ্তরকে (সওজ) অবহিত করা হয়েছে বলেও মো. শাহেদ আরমান নিশ্চিত করেন।