সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পটিয়ায় মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৭ এপ্রিল ২০২৬ | ১০:৫৯ অপরাহ্ন


চট্টগ্রামের পটিয়ায় নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী, দরিদ্র ও এতিম শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সমাজের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোকে সকলের মানবিক দায়িত্ব বলে উল্লেখ করেন অতিথিরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.টি.এম. তোহার সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দীপেন কান্তি দে। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার বাবুল কান্তি দে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক পীযুষ কান্তি পাল, সিনিয়র শিক্ষক নুরুল আবচার এবং শিক্ষক মো. শরীফ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমাজের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। শিক্ষা উপকরণ প্রাপ্তির মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনায় আরও উৎসাহিত হবে এবং এর একটি ইতিবাচক প্রভাব তাদের জীবনে পড়বে। বক্তারা নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের এই ধরনের উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও মানবিক এ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের মেধাবী, দরিদ্র ও এতিম শিক্ষার্থীদের হাতে খাতা, কলম, বইসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। এসব সহায়তা পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং এটি তাদের শিক্ষাজীবনে অনেক সহায়ক হবে বলে জানায়।

উল্লেখ্য, সমাজের অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণে নজির আহমদ দোভাষ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।