সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

কক্সবাজার এক্সপ্রেসে পাথর নিক্ষেপ: এক যাত্রীর ভাঙল ৪ দাঁত, আহত আরও ১

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২৭ এপ্রিল ২০২৬ | ১১:২৭ অপরাহ্ন


কক্সবাজার রুটে চলাচলরত আন্তঃনগর ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা থামছেই না। এবার কক্সবাজার থেকে ঢাকাগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে দুই যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে মোহাম্মদ হিমেল আহমেদ নামের এক যুবকের চারটি দাঁত ভেঙে গেছে।

সোমবার দুপুরে ট্রেনটি চকরিয়া এলাকা অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে বলে রেলওয়ে কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আহত অপর যাত্রী মোহাম্মদ আবু সাঈদ ঘাড়ে আঘাত পেয়েছেন।

একই বগির যাত্রী সাইদুল ইসলাম জানান, তারা ১৮-২০ জনের একটি দল দিনাজপুরের বিরামপুর থেকে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে নন-এসি কোচের (ঢ বগি) ৩৫-৩৬ নম্বর আসনে বসা অবস্থায় বাইরে থেকে পাথর ছোড়া হয়। এতে ২৫ বছর বয়সী মোহাম্মদ হিমেল আহমেদের চারটি দাঁত ভেঙে যায় এবং নিচের ঠোঁটের ভেতরের অংশ ফেটে যায়। চিকিৎসকরা জানিয়েছেন তার ঠোঁটে কয়েকটি সেলাই লাগতে পারে। অন্যদিকে, ৪০ বছর বয়সী মোহাম্মদ আবু সাঈদ ঘাড়ে গুরুতর আঘাত পান।

ঘটনার সময় ট্রেনের দায়িত্বরত কর্মীদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলেছেন সাইদুল ইসলাম। তিনি জানান, ঘটনার সময় ট্রেনের অ্যাটেনডেন্ট সেখানে ছিলেন না। খবর দেওয়ার পরও গার্ড ও অ্যাটেনডেন্ট ঘটনাস্থলে দেরিতে পৌঁছান। একজন রেলওয়ে পুলিশ সদস্য সহযোগিতা করলেও অন্যদের অবহেলা ছিল। পরে স্থানীয় থানায় অভিযোগ জানালে উল্টো ট্রেনের জানালা খোলা রাখা নিয়ে যাত্রীদেরই দোষারোপ করা হয়, যা যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। পরে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আহতদের চিকিৎসা দেওয়া হয় এবং বিকাল সোয়া ৪টার দিকে ট্রেনটি ফের ঢাকার উদ্দেশে যাত্রা করে।

রেলে পাথর নিক্ষেপের ঘটনা এটিই প্রথম নয়। রেলওয়ে পূর্বাঞ্চলের তথ্য অনুযায়ী, গত এক বছরে এই অঞ্চলের বিভিন্ন রুটে চলাচলরত ট্রেনে অন্তত ১৪৫ বার পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে, যাতে আহত হয়েছেন ৩৯ জন এবং ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনের জানালা-দরজা। এর মধ্যে সবচেয়ে বেশি অন্তত ৩৮টি ঘটনা ঘটেছে কক্সবাজার রুটে, যেখানে ১৪ জন আহত হয়েছেন। বর্তমানে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে কক্সবাজারের চার জোড়া ট্রেন চলাচল করছে।

ট্রেনে পাথর নিক্ষেপের এই ধারাবাহিক উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, পাথর নিক্ষেপ ঠেকাতে রেলওয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশেষ করে চকরিয়া-হারবাং এলাকায় নজরদারি বাড়াতে রেলওয়ে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।