
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে বলে চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি মো. আরিফুল আমিন জানান।
২৮ বছর বয়সী নিহত মিজানুর রহমান চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার বাসিন্দা। তিনি চন্দনাইশে পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসির একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ (এমআর) ছিলেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি মো. আরিফুল আমিন বলেন, সকালে কক্সবাজারমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পূরবী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং আরোহী মিজানুর রহমান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পরপরই চালক বাসটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল এবং বাসটি জব্দ করে থানায় নিয়ে গেছে।
ওসি মো. আরিফুল আমিন আরও জানান, নিহতের মরদেহ বর্তমানে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।