সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

‘লিগ্যাল এইড অফিস প্রোঅ্যাকটিভলি কাজ করছে’

পটিয়ায় আইনগত সহায়তা দিবসের আলোচনা
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৮ এপ্রিল ২০২৬ | ৭:৫২ অপরাহ্ন


চট্টগ্রামের পটিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা করেছে যুগ্ম জেলা ও দায়রা জজ (পটিয়া চৌকি) আদালত লিগ্যাল এইড অফিস। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ‘সরকারি খরচে বিরোধের সমাধান, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে পটিয়া আদালত প্রাঙ্গণে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন লিগ্যাল এইড পটিয়ার চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ মাইসুমা সুলতানা। তিনি বলেন, প্রচার-প্রচারণার অভাবে সাধারণ মানুষ লিগ্যাল এইড কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হতে পারে না। বর্তমানে প্রত্যেকটি লিগ্যাল এইড অফিস প্রোঅ্যাকটিভলি কাজ করছে। পারিবারিক ও জমিজমা-সংক্রান্ত অধিকাংশ বিরোধ দ্রুত সময়ের মধ্যে লিগ্যাল এইডের মাধ্যমে নিষ্পত্তি হচ্ছে। সরকারও লিগ্যাল এইড কার্যক্রমকে আরও বিস্তৃত করতে কাজ করছে বলে তিনি জানান।

সিনিয়র সহকারী জজ পলিন আক্তার স্মৃতির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র সহকারী জজ সোহেল উদ্দিন খোকন, পটিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) যুযুৎস যশ চাকমা, পটিয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কবি শেখর নাথ, সাধারণ সম্পাদক তানজিনা জাহান, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট অজিত কুমার দে, পাবলিক প্রসিকিউটর আনোয়ার হোসেন এবং পটিয়া আদালতের নাজির অনি গুপ্ত।

আলোচনা সভার আগে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পটিয়া আদালতে গিয়ে শেষ হয়।