
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংককে ‘এ’ ক্যাটাগরি থেকে নামিয়ে সর্বনিম্ন ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
পরপর দুই বছর বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিতে ব্যর্থ হওয়ায় ব্যাংকটির বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ‘জেড’ ক্যাটাগরিকে সর্বনিম্ন ধরা হয়।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানানো হয়েছে।
ডিএসই জানিয়েছে, ‘জেড’ ক্যাটাগরিতে নামানোর কারণে ইসলামী ব্যাংকের শেয়ার কিনতে কোনো ঋণ সুবিধা পাওয়া যাবে না। সিদ্ধান্তটি বৃহস্পতিবার থেকেই কার্যকর হয়েছে।
একই কারণে বেসরকারি খাতের স্ট্যান্ডার্ড ব্যাংক এবং সাউথ বাংলা ব্যাংককে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামানোর সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। এই দুটি ব্যাংকের শেয়ার কিনতেও ঋণ সুবিধা মিলবে না।
এদিকে এই সিদ্ধান্তের পর শেয়ারবাজারে ইসলামী ব্যাংকের শেয়ারের দরপতন চলছে। দিনের শুরুতে প্রতিটি শেয়ার ৩৪ টাকা ৭০ পয়সায় লেনদেন হলেও দুপুর ১২টা নাগাদ তা ৩৩ টাকা ১০ পয়সায় নেমে আসে।