
স্বাধীন সাংবাদিকতা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন চট্টগ্রামের সাংবাদিক নেতারা।
একইসঙ্গে চট্টগ্রামসহ সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা ও অযৌক্তিক’ মামলা প্রত্যাহারের দাবিও জানান তারা।
মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) উদ্যোগে শুক্রবার সকালে নগরীর চেরাগি পাহাড় মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সাংবাদিক নেতারা এসব কথা বলেন।
সমাবেশে সাংবাদিকদের জন্য দশম ওয়েজবোর্ড গঠনেরও জোর দাবি জানানো হয়।
সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সবুর শুভর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শহীদ উল আলম, সিইউজের সিনিয়র সহ-সভাপতি স. ম. ইব্রাহিম, সাবেক সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, সাবেক সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম ও সিইউজের নির্বাহী সদস্য আহসান হাবিবুল আলম।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন সিইউজের সহ-সভাপতি সাইদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক সোহেল সরওয়ার, সাংগঠনিক সম্পাদক সুবল বড়ুয়া, দি ডেইলি স্টারের সাবেক ব্যুরো প্রধান শিমুল নজরুল, দৈনিক খবরের কাগজের ব্যুরো প্রধান এস এম ইফতেখারুল ইসলাম, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি শফিক আহমেদ সজিব, জাগো নিউজের ব্যুরো ইনচার্জ ইকবাল হোসেন, বণিক বার্তার সিনিয়র রিপোর্টার সুজিত সাহা, দৈনিক আজাদীর সাবেক সিনিয়র রিপোর্টার ঋত্বিক নয়ন, চ্যানেল ২৪ এর প্রতিবেদক রনি দত্ত, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার রেজা মুজাম্মেল ও প্রথম আলোর ফটোসাংবাদিক জুয়েল শীল।
এছাড়া সিইউজের সদস্য কাউসার ইকবাল, মনির ফয়সাল, এম এ হান্নান কাজল, চম্পক চক্রবর্তী, রাজীব রাহুল, রাহুল দাশ নয়ন, ফটোসাংবাদিক কমল দাশ, নিপুল কুমার দে, দৈনিক পূর্বদেশের সহ-সম্পাদক শফিকুল ইসলাম খান, ফটোসাংবাদিক রঞ্জিত শীল, সিইউজের সদস্য বিশ্বজিৎ পাল, মো. রুবেল ও অনুজ দে বাপু সমাবেশে উপস্থিত ছিলেন।