সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চকরিয়ায় জাতীয় গণমাধ্যম সপ্তাহ শুরু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ১ মে ২০২৬ | ৭:২৬ অপরাহ্ন


বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ১৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কক্সবাজারের চকরিয়ায় শোভাযাত্রার মাধ্যমে শুরু হয়েছে জাতীয় গণমাধ্যম সপ্তাহ।

কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিএমএসএফের চকরিয়া উপজেলা শাখার আয়োজনে শুক্রবার বিকালে এ কর্মসূচি শুরু হয়।

কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এম জাহেদ চৌধুরীর নেতৃত্বে চকরিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার।

উদ্বোধনী বক্তব্যে ইউএনও শাহীন দেলোয়ার বলেন, “সাংবাদিকদের সকল দাবি বাস্তবসম্মত। পর্যাপ্ত বেতন-ভাতা নিশ্চিত করলে বস্তুনিষ্ঠ সংবাদ করে জনগণ ও দেশের উন্নয়ন সহজ হবে।”

বিএমএসএফের কেন্দ্রীয় সহ-সভাপতি এম জাহেদ চৌধুরী বলেন, “জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, তথ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের সমস্যা তুলে ধরার সুবিধার্থে আলাদা ডেস্ক, স্থায়ী নিয়োগপত্র দিয়ে ওয়েজবোর্ড অনুযায়ী বেতন-ভাতা নিশ্চিতকরণ, যেনতেনভাবে সাংবাদিক ছাঁটাই বন্ধসহ ১৪ দফা বাস্তবায়ন করতে হবে।”

এসব দাবি বাস্তবায়ন ত্বরান্বিত করতে দেশের সব সাংবাদিককে এককাট্টা হওয়ার আহ্বান জানান তিনি।

বিএমএসএফের চকরিয়া উপজেলা শাখার সভাপতি ছোটন কান্তি নাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম জিয়াবুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট এ এম ওমর আলী।

শোভাযাত্রায় অংশ নেন চকরিয়া উপজেলার প্রবীণ সাংবাদিক দৈনিক সমকাল প্রতিনিধি মাহমুদুর রহমান মাহমুদ, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি রফিক আহমদ, দৈনিক মানবকণ্ঠের আবদুল মজিদ, দৈনিক আমাদের সময় প্রতিনিধি মুকুল কান্তি দাশ, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মুহাম্মদ মনজুর আলম, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি শাহরিয়ার বাপ্পী, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি নাজমুল সাঈদ সোহেল, দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি এম কামাল উদ্দিন, দৈনিক বাংলার প্রতিনিধি ইউসুফ বিন হোসাইন, ফ্রি-ল্যান্স সাংবাদিক এরশাদুল হক, দৈনিক খবরের কাগজ প্রতিনিধি রাজু দাশসহ আরও অনেকে।