
নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রাম নগরীতে উদযাপিত হয়েছে মহান মে দিবস।
বিভিন্ন শ্রমিক সংগঠন আলাদা আলাদা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করেছে। এসব কর্মসূচিতে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়ন, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবি তুলে ধরেন বক্তারা।
ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সমাবেশ
শুক্রবার সকালে নগরীর চেরাগি পাহাড় মোড়ে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি সব খাতে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবি জানান। শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবিও তোলা হয়।
টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তপন দত্তের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন খাতের শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সভাপতির বক্তব্যে তপন দত্ত বলেন, “অধিকার আদায়ে ঐক্যবদ্ধ সংগ্রামের কোনো বিকল্প নেই। বর্তমান বিশ্বব্যবস্থায় পুঁজির আগ্রাসন ও প্রযুক্তিগত পরিবর্তনের ফলে শ্রমিকরা চরম ঝুঁকির মধ্যে রয়েছে। বিশ্বব্যাপী শ্রমিকদের কাজ ও মজুরি সংকুচিত হচ্ছে।”
তিনি আরও বলেন, “১৯৭১ সালে একটি বৈষম্যমুক্ত ও শোষণহীন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া হয়েছিল। স্বাধীনতার ৫৪ বছর পরও সেই লক্ষ্য পূরণ না হওয়া হতাশাজনক। তাই শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে দ্রুত রোডম্যাপ ঘোষণা করা প্রয়োজন।”
মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দলীয় প্রভাবমুক্ত ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বক্তারা প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের সব শ্রমিককে শ্রম আইনের আওতায় আনা, দৈনিক ৮ ঘণ্টা কাজের ভিত্তিতে জীবনধারণযোগ্য জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ সংস্কার করে গণতান্ত্রিক শ্রম আইনে রূপান্তর, কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইএলও কনভেনশন ৮৭ ও ৯৮ অনুযায়ী অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন টিইউসি কেন্দ্রীয় সংগঠক ফজলুল কবির মিন্টু, পাহাড়তলী আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক সুকান্ত দত্ত, বেসরকারি প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম, চা-বাগান শ্রমিকনেতা প্রদীপ দাশ, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মহিন উদ্দিন, কমিউনিটি সেন্টার ও ডেকোরেটরস কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. পারভেজ, হোটেল ও রেস্টুরেন্ট কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. হানিফ, হোটেল সেন্ট মার্টিন কর্মচারী ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান, মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সভাপতি সমীরণ দাশ এবং জাহাজভাঙা শ্রমিকনেতা মানিক মন্ডল।
উদীচী চট্টগ্রাম জেলার সাংস্কৃতিক দল সমাবেশে গণসংগীত পরিবেশন করে।
সমাবেশ শেষে লাল পতাকা সজ্জিত একটি বর্ণাঢ্য র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন রেলস্টেশনে গিয়ে শেষ হয়।
সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সমাবেশ
নগরীর সিআরবি শিরিষ তলায় সমাবেশ করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
সমাবেশে বক্তারা ট্রাফিক পুলিশের জরিমানার ক্ষেত্রে ঢাকা-চট্টগ্রামের বৈষম্য নিরসন এবং সড়ক পরিবহন আইনের ৯৮/১০৫ ধারাটি অজামিনযোগ্য থেকে জামিনযোগ্য করার দাবি জানান।
রবিউল মাওলার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের পূর্বাঞ্চলের সভাপতি মৃণাল চৌধুরী। বক্তব্য দেন আঞ্চলিক কমিটির সভাপতি মো. মুছা, সাধারণ সম্পাদক অলি আহমদ, আজম চৌধুরীসহ অন্যরা।
সমাবেশ শেষে সিআরবি থেকে একটি লাল পতাকার মিছিল স্টেডিয়াম, লাভলেইন, ডিসি হিল হয়ে চেরাগী পাহাড় মোড়ে গিয়ে শেষ হয়।
এছাড়া বিভিন্ন সংগঠন মে দিবস উপলক্ষে আলাদা কর্মসূচি পালন করে। বিভিন্ন স্থানে সাংস্কৃতিক আয়োজনও হয়।