
কক্সবাজারের চকরিয়ায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে কামাল উদ্দিনকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে চকরিয়া পৌরসভার পালাকাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার পর তিন ঘণ্টার চিরুনি অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
পরিবার ও স্থানীয়দের ভাষ্য, শুক্রবার সন্ধ্যায় চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের মিনিবাজার এলাকায় নিজ বাড়ি থেকে ওই শিশুকে নাস্তা কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যান কামাল উদ্দিন। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়।
পরে শিশুটি বাড়ি ফিরে এলে শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে পরিবারের সদস্যরা তাকে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করেন।
ঘটনাটি জানার পর ওসি মনির হোসেন হাসপাতালে যান। পরে রাত ১০টার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।
ওসি মনির হোসেন বলেন, “অভিযুক্ত ব্যক্তিকে তিন ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে চকরিয়া পৌরসভার পালাকাটায় তার নিকটাত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।”
শিশুটি সুস্থ হয়ে উঠলে মেডিকেল চেকআপের জন্য তাকে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হবে বলে জানান তিনি।
এ ঘটনায় রাতে ভিকটিমের মা বাদী হয়ে থানায় একটি এজাহার জমা দিয়েছেন। এজাহার মামলা হিসেবে রেকর্ড করে গ্রেপ্তার কামাল উদ্দিনকে শনিবার সকালে চকরিয়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।