
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে গোসলে নেমে পানির স্রোতে তলিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
নিহত মেহেরাজ (১৯) চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার পূর্ব মাদারবাড়ী এলাকার মোশাররফ হোসেনের ছেলে। নগরীর এমইএস কলেজ থেকে এবার তার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে তিনি পানিতে তলিয়ে যান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, মেহেরাজ তার এক সহপাঠীর সঙ্গে চট্টগ্রাম নগরী থেকে বাঁশবাড়িয়া সৈকতে বেড়াতে যান। বিকালে তিনি অন্য পর্যটকদের সঙ্গে সাগরে গোসল করতে নামেন। এক পর্যায়ে হঠাৎ পানির স্রোতে তলিয়ে যান।
তার সহপাঠীসহ অন্য পর্যটকরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও তাকে পাননি। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেহেরাজের লাশ ভেসে উঠলে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক মো. রাসেল বলেন, “মেহেরাজ মা-বাবার একমাত্র ছেলে ছিল। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”