
চট্টগ্রামের ফটিকছড়িতে গার্ডের দোকান থেকে নতুন বাজার পর্যন্ত সংযোগ সড়কের পুনর্নির্মাণ প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও কাজের ধীরগতির অভিযোগ উঠেছে। এর মধ্যেই প্রতিবাদকারীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে দায় এড়ানোর চেষ্টা করছে ঠিকাদারি প্রতিষ্ঠান বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনে ৪ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ ও ১৮ ফুট প্রশস্ত এই সড়কের কাজ আগামী জুনে শেষ হওয়ার কথা। কিন্তু মেয়াদ প্রায় শেষ হলেও অগ্রগতি ১০ শতাংশও পেরোয়নি।
প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে এ এস বি লিমিটেড ও ফামানটেক কর্পোরেশন।
অভিযোগ রয়েছে, কাজ শুরু থেকেই নিম্নমানের ইটের খোয়া, সুরকি ও বালু ব্যবহার করা হচ্ছিল। এলাকাবাসী প্রতিবাদ জানালে বিষয়টি প্রকাশ্যে আসে। পরে উপজেলা প্রকৌশল কার্যালয় কাজ সাময়িক বন্ধ করে নিম্নমানের উপকরণ অপসারণের নির্দেশ দেয়।
তবে নির্দেশনা উপেক্ষা করে নিম্নমানের খোয়া না সরিয়েই পুনরায় কাজ শুরুর চেষ্টা করা হলে এলাকাবাসী আবারও বাধা দেন। এ পরিস্থিতিতে প্রকল্প কর্তৃপক্ষের পক্ষ থেকে ভূজপুর থানায় চাঁদাবাজির অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, গত ২২ ও ২৯ এপ্রিল কয়েকজন ব্যক্তি ৬ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং তা না পেয়ে কাজ বন্ধ করে দেন। এ ঘটনায় ছাত্রদল নেতা শরীফসহ চারজনকে অভিযুক্ত করা হয়েছে।
কাজের তত্ত্বাবধায়ক রাশেদ দাবি করেন, স্থানীয় কয়েকজন টেন্ডার না পেয়ে শুরু থেকেই কাজে বাধা সৃষ্টি করে আসছিলেন এবং চাঁদা দাবি করছিলেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান ফামানটেক কর্পোরেশনের স্বত্বাধিকারী মো. আরিফ বলেন, “ইটভাটা কর্তৃপক্ষ নিম্নমানের খোয়া সরবরাহ করেছিল, যা পরে সরিয়ে নেওয়া হয়েছে। এরপরও একটি পক্ষ চাঁদা দাবি অব্যাহত রাখায় থানায় অভিযোগ করা হয়েছে।”
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, “সড়কটি নিয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। চাঁদাবাজির অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। কাজের মান ও অন্যান্য বিষয়ে প্রকৌশল অধিদপ্তরই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী বলেন, “প্রকল্পের মান নিয়ে অভিযোগ পাওয়ার পর কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিম্নমানের উপকরণ অপসারণ করে পুনরায় কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। সরেজমিনে পরিদর্শন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”