সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় হেলপার নিহত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২ মে ২০২৬ | ৬:৩৫ অপরাহ্ন


চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে চলন্ত ট্রাকের ধাক্কায় এক হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালক।

শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়পুর চলমান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রবিউল হোসেন (৫০) ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মির্জাপুর গ্রামের মৃত নেহাল উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, ভোরে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। পেছন থেকে আসা পেঁয়াজবোঝাই একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে সামনের ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং হেলপার আটকা পড়ে ঘটনাস্থলে মারা যান।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ বের করেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”