সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পটিয়া মুজাফফরাবাদ গণহত্যা দিবস রোববার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২ মে ২০২৬ | ১১:৩৩ অপরাহ্ন


চট্টগ্রামের পটিয়া খরনা মুজাফফরাবাদ গণহত্যা দিবস রোববার (৩ মে)।

১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী মুজাফফরাবাদ গ্রামে নিরস্ত্র গ্রামবাসীদের ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। হিন্দু-অধ্যুষিত এ গ্রামের তিন শতাধিক নারী-পুরুষ শহীদ হন। ঘরবাড়িও জ্বালিয়ে দেওয়া হয়।

মুজাফফরাবাদ গ্রামটি পটিয়া উপজেলার দক্ষিণ-পূর্ব সীমান্তের খরনা ইউনিয়নে অবস্থিত। ১৯৭১ সালে এটি পটিয়া থানার অন্যতম প্রধান হিন্দু গ্রাম ছিল।

২৫ মার্চ পাকিস্তানি সেনাবাহিনীর দমন-পীড়ন শুরু হলে চট্টগ্রামের বহু মানুষ মুজাফফরাবাদে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। পরে পাকিস্তানি হানাদার বাহিনী চট্টগ্রাম জেলার দক্ষিণাঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার পর এ গ্রামে গণহত্যা চালায়।

প্রতিবছর দিনটি স্মরণে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে।

গণহত্যা দিবস আয়োজক কমিটির অন্যতম সদস্য কাজল কর জানান, রোববার সকাল থেকে মুজাফফরাবাদ শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা, শহীদবেদিতে ফুল প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।