
চট্টগ্রামের পটিয়ায় উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে বালক বিভাগের ফাইনালে দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
বালিকা বিভাগের ফাইনালে বাথুয়া সাবিত্রীবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে ছনহরা জ্যোতিষ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, “একদিন পটিয়া থেকে জাতীয় ফুটবল দলে খেলোয়াড় উঠে আসবে। নিয়মিত খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকলে নিজেকে ভালো খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব।”
তিনি বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই তাদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সঙ্গে যুক্ত থাকতে হবে। তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।”
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, সাবেক মেয়র নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মঈনুল আলম ছোটন ও পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জামাল হোসেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার ধর, মো. জবরুত খান ও বিষু দে।