
মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন আব্দুল হালিম।
আগের ওসি কাজী নাজমুল হক কুমিল্লা জেলার বরুডা থানায় বদলি হওয়ার পর তিনি জোরারগঞ্জ থানায় দায়িত্ব নেন। এর আগে তিনি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জানা গেছে, আব্দুল হালিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কার্যনির্বাহী সদস্য ছিলেন। দৈনিক দিনকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এবং পরে স্টাফ রিপোর্টার হিসেবেও কাজ করেছেন। পরবর্তীতে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন।
চাকরিজীবনে দেশের বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেছেন তিনি। জোরারগঞ্জ থানায় এর আগে ওসি (তদন্ত) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
নবাগত ওসি আব্দুল হালিম বলেন, “এলাকার আইনশৃঙ্খলা উন্নতি, মাদক, সন্ত্রাসসহ অপরাধমূলক কর্মকাণ্ড রোধে কঠোরভাবে দায়িত্ব পালন করব। এজন্য সবার সহযোগিতা কামনা করছি।”
উল্লেখ্য, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, প্রতিবেশী দেশের সঙ্গে সীমান্ত ও ফেনী নদীর পাড়ে বালু ব্যবসাকেন্দ্রিক কার্যক্রমের কারণে জোরারগঞ্জ থানা এলাকা আইনশৃঙ্খলার দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ।