
খাগড়াছড়ির রামগড়ে নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রামগড় ইউনিয়নের কালাডেবা বাজারে ‘সাকিব মেডিকেল হল’ নামের একটি ফার্মেসিতে অভিযান চালানো হয়।
অভিযানে ফার্মেসির স্বত্বাধিকারী মো. শহিদুল ইসলামের (৪২) বিরুদ্ধে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন ছাড়াই ডা. পদবি ব্যবহার করে প্রেসক্রিপশন দেওয়াসহ চিকিৎসাসেবা প্রদানের সত্যতা পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালত জানায়, এর ফলে সাধারণ রোগীরা প্রতারিত হচ্ছিলেন এবং গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছিল।
বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২৮(৩) ধারা লঙ্ঘনের দায়ে শহিদুল ইসলামকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীমের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, স্যানিটারি ইন্সপেক্টর এবং রামগড় থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।