সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চট্টগ্রামে একীভূত ব্যাংকের শাখায় তালা দিলেন আমানতকারীরা

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৪ মে ২০২৬ | ২:৩৯ অপরাহ্ন


চট্টগ্রামের আগ্রাবাদে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের কয়েকটি শাখায় তালা দিয়েছেন ভুক্তভোগী আমানতকারী ও গ্রাহকরা।

সোমবার সকাল ১১টার দিকে কয়েকশ আমানতকারী ‘সম্মিলিত ইসলামী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশন’ ব্যানারে আগ্রাবাদ বাদামতলী মোড়ে বিক্ষোভ সমাবেশ করেন। পরে মিছিল করে এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখায় তালা দেন।

‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নামে একীভূত হওয়া পাঁচ ব্যাংক হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক।

আন্দোলনকারীরা ‘হেয়ার কাট হেয়ার কাট, মানি না মানি না’ ও ‘আমানত নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’ স্লোগান দেন।

আন্দোলনকারীরা জানান, নিয়ম অনুযায়ী সরকারের বিভিন্ন পর্যায়ে স্মারকলিপি দিলেও কোনো প্রতিকার পাননি। তাই এখন শাখায় শাখায় তালা ঝোলানোর কর্মসূচি নেওয়া হয়েছে। সামনে আরও বড় কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

ইউনিয়ন ব্যাংক আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক কায়সারুল আলম বলেন, “সব গ্রাহক একসঙ্গে টাকা তুলতে আসলে দেওয়া সম্ভব না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আন্দোলনের কারণে স্বাভাবিক কাজ ব্যাহত হচ্ছে।”

এর আগে রোববার খাতুনগঞ্জেও বিক্ষোভ করেন গ্রাহক ও আমানতকারীরা।