সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ম্যালেরিয়ায় চট্টগ্রাম কলেজের শিক্ষার্থীর মৃত্যু

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৪ মে ২০২৬ | ৫:১৩ অপরাহ্ন


চট্টগ্রামের মিরসরাইয়ে ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হয়ে ইমতিয়াজ রাহিক (২১) নামে এক অনার্স শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ৮টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইমতিয়াজ উপজেলার কাটাছরা ইউনিয়নের ওয়াছিল ভূঁইয়া বাড়ির হোসাইন সওদাগরের দ্বিতীয় ছেলে। তিনি চট্টগ্রাম সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ইমতিয়াজের মামা মো. রিয়াদ হোসেন বলেন, কিছুদিন ধরে জ্বরে ভোগার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি যায় ইমতিয়াজ। রোববার বিকালে আবার শরীর খারাপ হলে মিঠাছরা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাত ২টার দিকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়।

চট্টগ্রাম মেডিকেলের মেডিসিন বিভাগের দায়িত্বরত চিকিৎসক নুরতোমিজ ভূঁইয়া বলেন, “জ্বরে আক্রান্ত হয়ে ইমতিয়াজের পুরো শরীরে ভাইরাস ছড়িয়ে পড়েছিল। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।”

সোমবার বাদ মাগরিব ওয়াহেদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে বলে পরিবার জানিয়েছে।