সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

সাতকানিয়ায় পেটে লুকিয়ে ইয়াবা পাচার, ১৯ হাজার ৫০০ পিসসহ ৪ রোহিঙ্গা আটক

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৪ মে ২০২৬ | ৫:২০ অপরাহ্ন


চট্টগ্রামের সাতকানিয়ায় পেটে লুকিয়ে ইয়াবা পাচারের সময় চার রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১৫। তাদের কাছ থেকে ১৯ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

রোববার রাত ৮টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ঠাকুরদিঘী বাজার সংলগ্ন এলাকায় তাদের আটক করা হয়।

র‍্যাব-১৫ এর সিপিসি-৩, বান্দরবান ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বড় ইয়াবার চালান বাসযোগে পাচারের তথ্য পেয়ে ঠাকুরদিঘী বাজারে চেকপোস্ট বসানো হয়। সন্দেহভাজন বাসে অভিযান চালিয়ে আচরণ সন্দেহজনক মনে হওয়ায় চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পেটের ভেতরে ইয়াবা বহনের কথা স্বীকার করেন।

পরে তাদের সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এক্স-রে ও নিবিড় পর্যবেক্ষণের পর পায়ুপথে নির্গত ইয়াবার পুটলি উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, আটকরা ছোট ছোট পলিথিনে ইয়াবা প্যাকেট করে টেপ দিয়ে মুড়িয়ে গিলে ফেলত। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে মলত্যাগের মাধ্যমে সেগুলো বের করে সরবরাহ করত। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে যাত্রীবাহী বাস ব্যবহার করত।

র‍্যাব-১৫ এর স্কোয়াড্রন লিডার মোহাম্মদ মেহেদী আলম জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এ কৌশলে কক্সবাজার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ইয়াবার চালান পৌঁছে দিত।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।