সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার কঠোর, বিশেষ যৌথ অভিযান শুরু: স্বরাষ্ট্রমন্ত্রী

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৪ মে ২০২৬ | ৬:০৭ অপরাহ্ন


দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সরকার অত্যন্ত কঠোর ও আইনানুগ অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে রোহিঙ্গাবিষয়ক জাতীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

পুলিশ প্রশাসনে সাম্প্রতিক বদলি ও বাধ্যতামূলক অবসর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এটি কোনো রাজনৈতিক বিষয় নয়, বরং মন্ত্রণালয়ের একটি নিয়মিত রুটিন কার্যক্রম।” নিয়োগ, বদলি, পদোন্নতি, শৃঙ্খলাজনিত ব্যবস্থা এবং অবসর—সবই আইনানুগ প্রক্রিয়ায় সম্পন্ন হচ্ছে বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেন, গত ১ মে থেকে সারাদেশে মাদক, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে বিশেষ যৌথ অভিযান শুরু হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ, র‍্যাব এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।

তিনি বলেন, “মাদক ব্যবসার মূল হোতা এবং সীমান্ত দিয়ে চোরাচালানে জড়িত বড় সিন্ডিকেটগুলোকে ধরা আমাদের প্রধান লক্ষ্য। এ বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।”

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন আনার কথা জানান মন্ত্রী। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মেট্রোপলিটন ও জেলা পুলিশের শার্টের রঙ আগের মতো বহাল থাকবে, তবে প্যান্টের ক্ষেত্রে ‘খাকি’ রঙ নিশ্চিত করা হয়েছে। দ্রুতই এটি আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে।

উখিয়া ও টেকনাফে অবস্থানরত প্রায় ১২ থেকে ১৪ লাখ রোহিঙ্গার শৃঙ্খলা নিশ্চিত করা, মাদক চোরাচালান রোধ এবং ক্যাম্পের ভেতরে-বাইরে নিরাপত্তা জোরদারে সমন্বিত কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

উচ্চ পর্যায়ের এ বৈঠকে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামসহ কমিটির সদস্যরা অংশ নেন।