সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: কক্সবাজারে সাতকানিয়ার সাংবাদিকদের র‍্যালি

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৪ মে ২০২৬ | ১০:২৩ অপরাহ্ন


বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে কক্সবাজারের লাবনী পয়েন্ট এলাকায় বর্ণাঢ্য র‌্যালি করেছেন চট্টগ্রামের সাতকানিয়ায় কর্মরত সাংবাদিকরা। সোমবার দুপুরে বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে এই কর্মসূচি পালিত হয়।

গণমাধ্যমকে একটি জাতির দর্পণ হিসেবে উল্লেখ করে বক্তারা জানান, এটি সমাজের অসঙ্গতি তুলে ধরে এবং ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান সময়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীনভাবে কাজ করার পরিবেশ সৃষ্টি করা অত্যন্ত জরুরি বলেও মত দেন তারা।

প্রধান অতিথির বক্তব্যে সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি শহীদুল ইসলাম বাবর বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। তাদের কলমের শক্তিই সমাজকে আলোর পথে নিয়ে যায়। তাই গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা সবার দায়িত্ব।”

একটি শক্তিশালী গণমাধ্যমই দুর্নীতি, অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে পারে উল্লেখ করে পেশাগত দায়িত্ব পালনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের আরও সাহসী ভূমিকা রাখার তাগিদ দেন উপস্থিত সাংবাদিক নেতারা।

এই বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশে সাতকানিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সিনিয়র সাংবাদিক সুকান্ত বিকাশ ধর ও মামুন মোহাম্মদ অংশ নেন। এছাড়াও দক্ষিণ চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ, সাতকানিয়া সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন, সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান রুবেল এবং সেক্রেটারি তারেক হোসাইনসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।