সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

একুশে পত্রিকায় সংবাদ: আনোয়ারায় সড়ক প্রকল্পে গতি, উচ্ছেদ অভিযান

আনোয়ারা-কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৫ মে ২০২৬ | ১২:৩২ অপরাহ্ন


চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন এবং সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।

মঙ্গলবার (৫ মে) সকাল থেকে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান চালানো হয়।

সওজ কর্তৃপক্ষ জানিয়েছে, চাতরী চৌমুহনী বাজার থেকে মেরিন একাডেমি পর্যন্ত ৭ কিলোমিটার দীর্ঘ সড়ক উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে এই উচ্ছেদ কার্যক্রম চলছে। ৭৮ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের আওতায় বাজারের জলাবদ্ধতা নিরসনে ১২০০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের একটি আরসিসি ড্রেন নির্মাণ করা হবে। পাশাপাশি ক্রস ড্রেনও করা হবে।

গত ২ মে সামান্য বৃষ্টিতে বাজারে জলাবদ্ধতা তৈরি হলে একুশে পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। “৫৮৪ কোটির সড়ক প্রকল্পে স্থবিরতা: চাতরী চৌমুহনীতে সামান্য বৃষ্টিতেই কৃত্রিম বন্যা” শিরোনামের সেই সংবাদটি নজরে আসার পর আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মহিন উদ্দীন দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন।

পানি নিষ্কাশনের জন্য ওই দিনই সাময়িকভাবে একটি কাঁচা ড্রেন খনন করে দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় স্থায়ী ড্রেন নির্মাণের লক্ষ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদে নামে সওজ।

অভিযান চলাকালে সওজের উপবিভাগীয় প্রকৌশলী মো. আবদুল্লাহ আল নোমান পারভেজ জানান, চলমান সড়ক উন্নয়ন প্রকল্পের কাজে গতি আনতেই মূলত এই উচ্ছেদ।

তিনি বলেন, “চাতরী চৌমুহনী বাজারে জলাবদ্ধতা একটি বড় সমস্যা ছিল। এখানে বড় আকারের আরসিসি ড্রেন নির্মাণ করা হচ্ছে। আশা করছি, ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ হবে।”

চাতরী চৌমুহনী বাজারের যানজট, জলাবদ্ধতা এবং অবৈধ পার্কিং দীর্ঘদিনের সমস্যা বলে উল্লেখ করেন ইউএনও মো. মহিন উদ্দীন।

তিনি জানান, উচ্ছেদ অভিযানের পর এখানে পরিকল্পিতভাবে গাড়ি পার্কিং ও বাজার উন্নয়নের পরিকল্পনা রয়েছে উপজেলা প্রশাসনের। চলতি বছরের মধ্যেই ড্রেন নির্মাণ শেষ হলে জলাবদ্ধতা থেকে ব্যবসায়ীরা স্থায়ী মুক্তি পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

সরেজমিনে দেখা যায়, উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সকাল থেকেই বাজারে উৎসুক মানুষের ভিড়। সড়ক সংলগ্ন অবৈধ দোকানপাট ও স্থাপনা সরিয়ে নিতে আগে থেকেই প্রশাসন থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল।

প্রকল্পের কাজের স্বার্থে সওজ-এর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।