সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

একুশে পত্রিকায় সংবাদ: সোনাইমুড়ীতে ‘অবৈধ ব্রিজ’ পরিদর্শনে সওজ

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি | প্রকাশিতঃ ৫ মে ২০২৬ | ১২:৪০ অপরাহ্ন


নোয়াখালীর সোনাইমুড়ীতে চারটি খালের সংযোগস্থলে অবৈধভাবে বাঁধ দিয়ে একটি পাকা ব্রিজ নির্মাণ করা হচ্ছে।

উপজেলার ছাতারপাইয়া জোড়পোল এলাকার এই ঘটনা নিয়ে গত ১ মে ও ৩ মে একুশে পত্রিকায় দুটি প্রতিবেদন প্রকাশ হয়। এরপর বিষয়টি নোয়াখালী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নজরে আসে।

সোমবার (৪ মে) বিকালে সওজ-এর নোয়াখালী সড়ক উপ-বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. আবদুর রহিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

সেখানে নোয়াখালী-কুমিল্লা মহাসড়ক ঘেঁষে এই ব্রিজ নির্মাণের জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি বলে পরিদর্শন শেষে জানান মো. আবদুর রহিম।

তিনি বলেন, জেলা পরিষদের খালের ভেতর ব্রিজটি নির্মিত হচ্ছে। তাই এ বিষয়ে কিছু বলার এখতিয়ার সওজ বিভাগের নেই।

তবে খালের ভেতরে নির্মিত এই ব্রিজের সঙ্গে মহাসড়কের সংযোগ স্থাপনের কোনো সুযোগ নেই বলে স্পষ্ট করেন এই কর্মকর্তা।

সড়কের গাইড পোস্টের মুখেই নির্মাণযজ্ঞ চলছে জানিয়ে মো. আবদুর রহিম আরও বলেন, গাইড পোস্ট সরিয়ে মহাসড়কের সঙ্গে সংযোগ তৈরির চেষ্টা করা হলে সওজ বিভাগ তখন ব্যবস্থা নেবে।

ইতিমধ্যে গাইড পোস্ট ভেঙে ফেলার বিষয়েও কথা বলেন তিনি। উপ-সহকারী প্রকৌশলী জানান, যার মালিকানাধীন জমিতে চলাচলের জন্য ব্রিজটি ব্যবহার করা হচ্ছে, গাইড পোস্ট ভাঙার বিষয়ে তাকে চিঠি দেওয়া হবে।

সরেজমিন পরিদর্শন করে পাওয়া এসব তথ্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে। পরবর্তীতে তারাই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।

এদিকে একুশে পত্রিকায় ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশ হওয়ায় রোববার রাতেও তড়িঘড়ি করে ব্রিজের নির্মাণকাজ চালানো হয়েছে। ইতিমধ্যে ব্রিজের উপরিভাগের ঢালাই শেষ হয়েছে বলে স্থানীয়রা জানান।

ব্রিজ নির্মাণের জন্য দেওয়া এই অবৈধ বাঁধের কারণে পানি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। ফলে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে খালগুলোতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।