
চট্টগ্রামের বাঁশখালীতে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে এক হাজার ৪৩৮ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে বাঁশখালী থানার সামনে তল্লাশি চৌকি বসিয়ে এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ওই ব্যক্তির নাম শাহ্ আলম (৫২)। তিনি কক্সবাজার জেলার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-২ এর ইস্ট ব্লক-ই এলাকার মৃত ফজল আহমদের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বাঁশখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড এলাকায় বাঁশখালী থানার মূল ফটকের সামনে প্রধান সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চলানো হচ্ছিল। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশায় আসা এক যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশিকালে শাহ্ আলমের পরা লুঙ্গির কোচায় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করে জব্দ করেন পুলিশ সদস্যরা।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।