সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

প্রীতিলতা আমাদের স্বাধীনতা ও আত্মত্যাগের প্রতীক: এমপি এনাম

পটিয়ায় বীরকন্যা প্রীতিলতার ১১৬তম জন্মবার্ষিকী পালিত
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৬ মে ২০২৬ | ১২:১৭ পূর্বাহ্ন


চট্টগ্রামের পটিয়ায় ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নেত্রী বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ১১৬তম জন্মবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপী এসব কর্মসূচির মধ্যে ছিল মোমবাতি প্রজ্বালন, শ্রদ্ধা নিবেদন, ফ্রি চিকিৎসা ক্যাম্প, আলোচনা সভা, সংগীত পরিবেশন, নৃত্য ও কবিতা আবৃত্তি।

এ উপলক্ষে এদিন বিকেলে উপজেলার ধলঘাট প্রীতিলতা কমপ্লেক্স প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।

প্রীতিলতা ওয়াদ্দেদার শুধু একটি নাম নয়, তিনি বাঙালির স্বাধীনতা ও আত্মত্যাগের প্রতীক বলে মন্তব্য করেন এই সংসদ সদস্য।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নতুন প্রজন্মকে তার আদর্শে উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এনামুল হক এনাম আরও বলেন, প্রীতিলতার আত্মত্যাগ ও সাহসিকতা বাঙালি জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তার আদর্শ ধারণ করে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ধলঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রীযুক্ত পঙ্কজ চক্রবর্তী।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদুল আলম এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম চেয়ারম্যান।

এ ছাড়া জেলা বিএনপির সাবেক সহ-অর্থ সম্পাদক মোরশেদ শফি হিরু, পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক একেএম জসিম উদ্দিন ও সাবেক যুগ্ম আহ্বায়ক মঈনুল আলম ছোটন অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের আহ্বায়ক লায়ন সন্তোষ নন্দী, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবু রুবেল বড়ুয়া এবং ব্যবসায়ী শফিউল আলম বাদশা।

পটিয়া উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার দে ও ধলঘাট ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সোলাইমান বাদলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও এ সময় উপস্থিত ছিলেন।