সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

শাপলা চত্বরের ঘটনায় স্বাধীন কমিশন গঠনের দাবি

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৬ মে ২০২৬ | ১২:১৯ পূর্বাহ্ন


রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের অবস্থান কর্মসূচিতে সংঘটিত ঘটনার বিচার দাবিতে চট্টগ্রামের পটিয়ায় মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার বিকালে পটিয়া থানার মোড়ে ছাত্রশিবিরের উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এতে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনাসহ সব ধরনের ‘গণহত্যার’ সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

দীর্ঘ ১৩ বছর পেরিয়ে গেলেও ওই ঘটনার বিচার প্রক্রিয়া শুরু না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে বলে মানববন্ধনে দাবি করা হয়।

এ সময় দ্রুত তদন্ত নিশ্চিত করতে একটি স্বাধীন কমিশন গঠনের আহ্বান জানান বক্তারা।

কর্মসূচিতে পটিয়া শহর থানা শাখার সভাপতি মাহবুব উল্লাহ বলেন, “২০১৩ সালের ৫ মে ধর্মপ্রাণ মানুষ কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং ধর্মীয় অবমাননার প্রতিবাদ জানাতে সমবেত হয়েছিল। কিন্তু সেদিন রাতে তাদের ওপর কঠোর অভিযান চালানো হয়।”

ভয় ও চাপের কারণে ঘটনার পর অনেক ক্ষতিগ্রস্ত পরিবার আইনি সহায়তা নিতে পারেনি বলে দাবি করেন এই শিবির নেতা।

এ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার পাশাপাশি সংশ্লিষ্ট রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।

মানববন্ধনে আরও বক্তব্য দেন ২০১৩ সালের ওই ঘটনায় আহত নাছির উদ্দীন এবং চট্টগ্রাম মহানগর ছাত্রশিবিরের সাবেক সদস্য মেহেদী হাসান।

এ ছাড়া পটিয়া শহর থানা শাখার সেক্রেটারি আবু সিদ্দিকসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।